স্বচ্ছতা ও স্কোর: রেটিং যেভাবে কাজ করে

শেষ আপডেট: ৫ নভেম্বর ২০২৬

প্যাপেলে রেটিং কীভাবে তৈরি হয়, কী মাপে আর কী মাপে না, সব এখানে সহজ ভাষায় লেখা আছে।

রেটিং কী মাপে

রেটিং দেখায় রোগী আর তাঁদের সঙ্গে থাকা মানুষেরা নিজের অভিজ্ঞতা নিয়ে কী বলছেন: কেমন ব্যবহার পেয়েছেন, সব কিছু কতটা পরিষ্কার করে বোঝানো হয়েছে, জায়গাটা কতটা পরিষ্কার ছিল, বিল কতটা ন্যায্য মনে হয়েছে।

রেটিং কোনো ডাক্তারের চিকিৎসা-দক্ষতা, যোগ্যতা বা চিকিৎসার ফল মাপে না। নিজের বিবেচনা আর ডাক্তারের পরামর্শের পাশাপাশি এটা কাজে লাগান।

কোন প্রশ্নগুলো করা হয়

প্রতিটা রিভিউতে প্রোভাইডারের ধরন অনুযায়ী সাতটা প্রশ্নে ১ থেকে ৫ রেটিং দিতে হয়, সঙ্গে কয়েকটা হ্যাঁ/না প্রশ্ন।

ডাক্তার

  1. সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন
  2. সম্মান দিয়ে কথা বলেছেন
  3. অদরকারি টেস্ট বা ওষুধ দেননি
  4. বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি
  5. পরে দরকার হলে যোগাযোগ করা সহজ
  6. আগের রিপোর্টগুলো দেখেছেন
  7. ডাক্তারের দক্ষতার ওপর ভরসা আছে

হ্যাঁ/না: রসিদ বা প্রেসক্রিপশন দিয়েছেন; এরপর কী করতে হবে, পরিষ্কার বলা হয়েছে

হাসপাতাল ও ক্লিনিক

  1. স্টাফরা ডাকলেই এসেছেন, সম্মান দিয়ে কথা বলেছেন
  2. চিকিৎসা নিয়ে সব সময় জানানো হয়েছে
  3. রুম আর টয়লেট পরিষ্কার ছিল
  4. নিরাপদ ও স্বস্তিতে ছিলাম
  5. দরকারি বেড ও ওষুধ পাওয়া গেছে
  6. ভর্তি আর ছুটি ঝামেলা ছাড়াই হয়েছে
  7. বিল পরিষ্কার ও ন্যায্য ছিল

হ্যাঁ/না: ছুটির সময় লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে; ব্যথা কমানোর ঠিকমতো ব্যবস্থা নেওয়া হয়েছে

ডায়াগনস্টিক সেন্টার

  1. নমুনা যত্ন করে, ঠিকমতো নেওয়া হয়েছে
  2. স্টাফরা ভদ্র ছিলেন
  3. জায়গাটা পরিষ্কার ছিল
  4. রিপোর্ট সময়মতো পেয়েছি
  5. রিপোর্ট পরিষ্কার ও নির্ভুল
  6. খরচ পরিষ্কার ও যুক্তিসংগত
  7. সব মিলিয়ে অভিজ্ঞতা

হ্যাঁ/না: রিপোর্ট ঠিক করাতে বা আবার টেস্ট করাতে হয়েছে কি না

স্কোর কীভাবে হিসাব হয়

  • একটা রিভিউর স্কোর হলো তার ১ থেকে ৫ উত্তরগুলোর গড়।
  • প্রমাণ থাকলে রিভিউর ওজন বেশি। যে রিভিউর প্রমাণ (রসিদ বা প্রেসক্রিপশন) আমাদের টিম দেখে মিলিয়েছে, সেটা ৩ বার গোনা হয়। প্রমাণ ছাড়া রিভিউ, বা যে প্রমাণ নিশ্চিত করা যায়নি, সেটা ১ বার গোনা হয়।
  • সব প্রকাশিত রিভিউর এই ওজনসহ গড়ই প্রোভাইডারের স্কোর, এক দশমিক পর্যন্ত দেখানো হয়।

১০টা রিভিউর আগে কোনো স্কোর নয়

অন্তত ১০টা রিভিউ প্রকাশ হলে তবেই স্কোর দেখানো হয়। তার আগে রিভিউর সংখ্যা আর “এখনো যথেষ্ট রিভিউ নেই” লেখা থাকে। শূন্য রিভিউ মানে শূন্য স্টার না, মানে এখনো তথ্য নেই।

স্কোরের পাশে সব সময় রিভিউর সংখ্যা থাকে, যাতে বোঝেন কতজনের কথার ওপর স্কোরটা দাঁড়িয়ে। প্রথম রিভিউ থেকেই আলাদা আলাদা রিভিউ পড়া যায়।

হ্যাঁ/না উত্তর স্টার বদলায় না

হ্যাঁ/না প্রশ্নের ফল, যেমন প্রেসক্রিপশন পেয়েছেন কি না, আলাদা করে শতাংশে দেখানো হয়। এগুলো স্টারে কোনো প্রভাব ফেলে না। প্রতিটা ফল দেখানো হয় ওই প্রশ্নে ১০টা উত্তর জমা হলে।

প্রোফাইলের লেবেলগুলোর মানে

  • এখনো ক্লেইম করা হয়নি: প্রোভাইডার নিজে এখনো প্রোফাইলটার দায়িত্ব নেননি। তথ্যগুলো প্রকাশ্য উৎস থেকে নেওয়া।
  • ক্লেইম যাচাই হচ্ছে: কেউ প্রোফাইলটা চালানোর অনুমতি চেয়েছেন, আমাদের টিম দেখছে।
  • ক্লেইম করা ✓: আমাদের টিম প্রোভাইডারের পরিচয় আর বিএমডিসি রেজিস্ট্রেশন বা লাইসেন্স মিলিয়ে দেখেছে।

এর কোনোটাই চিকিৎসার মানের রেটিং না। প্রোফাইল ক্লেইম করলে স্কোর বা রিভিউ বদলায় না।

টাকা দিয়ে রেটিং কেনা যায় না

কেউ টাকা দিয়ে ভালো রেটিং, সার্চে ওপরের জায়গা বা কোনো রিভিউ সরানো কিনতে পারে না। স্পনসর করা বা টাকা নিয়ে সামনে আনা কোনো তালিকা নেই।

সার্চের ফলাফল এই ক্রমে কেন

আপনি যা লিখেছেন তার সঙ্গে কতটা মেলে, সেই অনুযায়ী ফলাফল সাজানো হয়। সমান মিললে আগে আসে যার প্রকাশিত রিভিউ বেশি, তারপর যার প্রমাণসহ রিভিউ বেশি। প্রোফাইল ক্লেইম করা হয়েছে কি না, তাতে ক্রম বদলায় না।

চাইলে “সবচেয়ে বেশি রেটিং” (শুধু যাদের ১০টি বা তার বেশি রিভিউ আছে) বা “সবচেয়ে বেশি রিভিউ” অনুযায়ীও সাজাতে পারেন। টাকা দিয়ে কেউ আগে আসতে পারে না।

রিভিউ কীভাবে দেখা হয়

  • প্রকাশের আগে প্রতিটা রিভিউ আমাদের টিমের একজন মানুষ পড়ে দেখেন।
  • স্বয়ংক্রিয় যাচাই গালাগাল, হুমকি, ব্যক্তিগত তথ্য বা মানহানির ঝুঁকি চিহ্নিত করতে পারে, কিন্তু নিজে থেকে কোনো রিভিউ প্রকাশ বা বাতিল করে না।
  • কোনো প্রোভাইডার আপত্তি তুললে রিভিউটা দেখা যেতেই থাকে, পাশে “আপত্তি জানানো হয়েছে” লেখা আর প্রোভাইডারের উত্তর থাকে, যাতে দুই পক্ষের কথাই দেখতে পান।
  • কারণ লিখে রেখে তবেই টিম কোনো রিভিউ সরায়, যেমন রিভিউটা ভুল, বেআইনি বা কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করছে।

প্রমাণ আর পরিচয় গোপন থাকে

  • প্রমাণ কখনো সবার সামনে দেখানো হয় না। শুধু প্রশিক্ষিত স্টাফ দেখেন, আর সিদ্ধান্ত হওয়ার ৩০ দিন পর মূল ফাইল মুছে ফেলা হয়।
  • সাইন ইন না করে দেখলে কারও নাম দেখা যায় না। যিনি বেনামে রিভিউ দেন, তাঁর নাম অন্য ব্যবহারকারী বা ডাক্তার দেখেন না; শুধু অনুমোদিত প্যাপেল কর্মীরা জানতে পারেন।